• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির সম্পর্কে মুখ খুললেন তার প্রথম স্বামী সৌরভ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৫, ২০২১, ২১:৩৬ অপরাহ্ণ
পরীমণির সম্পর্কে মুখ খুললেন তার প্রথম স্বামী সৌরভ

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর পরীমণিকে নিয়ে মুখ খুলেছেন তার প্রথম স্বামী ফেরদৌস কবীর সৌরভ। পরীমণির নাম পরিবর্তন করে তারকা হয়ে যাওয়ার গল্প উঠে এসেছে সৌরভের মুখে। উশৃঙ্খল জীবনযাপনের পরিণতি এমনটাই হবে বলে ধারণা ছিল সৌরভের।

পরীমণির গ্রেপ্তারের পর তার সাবেক স্বামী ফেরদৌস কবীর সৌরভ জানান, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে ২০১২ সালের এপ্রিল মাসে বিয়ে হয় সৌরভের। সৌরভ ভালো ফুটবল খেলতে পারায় তার ডাক পড়ে ঢাকায়। তখন স্ত্রীকে নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নেন। পরীমণিকে মিরপুরের একটি কলেজে ভর্তি করেন।

সৌরভের দেওয়া তথ্য মতে, কলেজে পড়া অবস্থায় মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন পরী। পরীর বিভিন্ন রকম ছবি তুলে পত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। তখন থেকেই শামসুন্নাহার স্মৃতি নাম পাল্টে পরীমণি হয়ে যান।

এর কিছু দিন না যেতেই পরীমণি উশৃঙ্খল জীবন যাপন শুরু করেন। ফলে স্বামীর সঙ্গে দূরত্ব শুরু হয়। পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমণি বিয়ে করেছেন বলে সৌরভ জানতে পারেন। এরপর ২০১৫ সালে সৌরভ ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান। স্বামীকে বিদায় করার পরই পরীমণি মাদকে জড়িয়ে পড়েন। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত মাদকাশক্ত বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।