• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণটিকা কার্যক্রম গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৮, ২০২১, ১৯:১২ অপরাহ্ণ
গণটিকা কার্যক্রম গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে: ফখরুল

দখিনের সময় ডেস্ক : 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি মনে করে, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে। এধরনের চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা কার্যক্রম গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে বিষয়টি জানাতে গিয়ে পরদিন অর্থাৎ আজ রোববার (৮ আগস্ট) গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির মহাসচিব বলেন, শনিবার সারা দেশে সরকার গণটিকার নামে গণতামাশা শুরু করেছে। সরকারের হাতে ১ কোটি ৬০ লাখ টিকা এসেছে। কিন্তু শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে ২৬ কোটি টিকা।

মির্জা ফখরুল আরও বলেন, প্রথম এক সপ্তাহে ১ কোটি টিকা প্রদানের কথা বলে একদিনে ৩০ লাখ টিকা দেয়ার কথা বলেছে। সরকারের প্রতিটি পদক্ষেপেই প্রমাণ হয়েছে টিকা প্রদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।