• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনে হচ্ছে মির্জা ফখরুলকে জিনে ধরেছে: হাছান মাহমুদ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২২, ২২:২৫ অপরাহ্ণ
মনে হচ্ছে মির্জা ফখরুলকে জিনে ধরেছে: হাছান মাহমুদ

দখিনের সময় ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব তার ফেরিফাইড ফেসবুক পেজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে যে কথা লিখেছেন তাতে মনে হচ্ছে- মির্জা ফখরুলকে জিনে ধরেছে। তিনি আকাশ-বাতাস-পাতাল সব খানে শুধু আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন। সাংবিধানিক পদের লোকজনকেও তিনি আওয়ামী লীগ বলছেন। রোববার নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের কৃষক, শ্রমিক মেহনতি জনতার সংগঠন। এ দেশের সব আন্দোলন সংগ্রাম অর্জনের সঙ্গে এই দলের নাম জড়িত। বঙ্গবন্ধুর আহবানে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যুদ্ধের সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এ দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। বঙ্গবন্ধু সেই অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ১৯৭৪ সালে দেশ ৯.৫ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছিল। ১৯৭৫ সালে ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে না তারা এসব সইতে না পেয়ে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়নের চাকা থামিয়ে দেওয়া হয়েছিল। দেশ পিছিয়ে গেল।

তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে আসলে মানুষ খুশি হয়েছিল। বাঙালির সব কাজে আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তাকে বারবার হত্যাচেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি কারো সঙ্গে আপস করেননি। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কাজ করে যাচ্ছেন।

নাম প্রকাশ না করে ড. হাছান মাহমুদ বলেন, একজন প্যান্ট পরতে পারে না, আরেকজন এক চোখে কথা বলে তারাও সেই সরকারের পক্ষে থাকল। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিএনপি মহাসচিবের জিন ছাড়ানোর ব্যবস্থা করুন।