• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে: মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৬, ২০২২, ১৬:৫৭ অপরাহ্ণ
খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে: মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:

 বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল বলেছেন,  যিনি দীর্ঘ ৪০ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন,  সেই নেত্রী খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বহু ত্যাগের বিনিময়ে ৫০ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৫০ বছর পর আমাকে বলতে হচ্ছে যে স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে আজকের ক্ষমতাসীনরা, বেআইনিভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ সরকার।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। শতাধিকের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সামগ্রিক অর্থে এখন গোটা বাংলাদেশ নরকে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা, আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে মুক্ত করা এবং গণতন্ত্রকে মুক্ত করাই আমাদের লক্ষ্য। আজ আমরা সেই শপথই গ্রহণ করছি। জনগণের ঐক্য গড়ে তুলে, জনগণের বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনা করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যরিস্টার শাজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, নাজিমউদ্দিন আলম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ