• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনার মামলায় নাম নেই কার্গো জাহাজটির, জব্দও হয়নি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১, ০২:২৩ পূর্বাহ্ণ
শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনার মামলায় নাম নেই কার্গো জাহাজটির, জব্দও হয়নি

দখিনের সময় ডেক্স:

গত রোববার সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। দুর্ঘটনার পর ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার না করে পালিয়ে যায় কার্গো জাহাজটি। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর জাহাজটিকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জব্দ করা হয়নি।

সড়কে দুর্ঘটনা ঘটিয়ে যানবাহনের পালিয়ে যাওয়ার ঘটনা শোনা যায় প্রায়ই।  তবে এবার হাজার টন ওজনের বিশাল একটি কার্গো জাহাজকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় ধাক্কা দেওয়া অজ্ঞাত কার্গো জাহাজের চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে মামলায় কার্গো জাহাজ কীংবা এর চালক ও মালিক কারোরই নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় কার্গো জাহাজের চালকসহ সংশ্লিষ্ট অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ কার্গো জাহাজটি জব্দসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনবে।

ঘাতক কার্গো জাহাজের নাম এজাহারে কেনো নেই জানতে চাইলে মামলার বাদী বিআইডব্লিউটিএর কর্মকর্তা বাবুলাল বৈদ্য বলেন, ভিডিও ফুটেজে কোথাও ওই জাহাজের নাম দেখা যায়নি। নিশ্চিত না হওয়ায় অজ্ঞাত কার্গো জাহাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে অভিযুক্ত কার্গো জাহাজের নাম বেরিয়ে আসবে।

লঞ্চটির মালিকপক্ষ বলছে, কার্গো জাহাজটির মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় তাঁদেরও মামলা করতে দেওয়া হচ্ছে না। বুধবার সারাদিন থানায় থানায় ঘুরেও মামলা করতে পারেনি ডুবে যাওয়া লঞ্চ এমএল সাবিত আল হাসানের মালিক পক্ষ। বুধবার নারায়ণগঞ্জ নৌ থানা ও বন্দর থানায় জাহাজের মাস্টার বাদী হয়ে মামলা করতে গেলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। লঞ্চ ডুবির সময় সাবিত আল হাসানের দায়িত্বে ছিলেন তৃতীয় শ্রেণির সনদধারী মাস্টার জাকির হোসেন। লঞ্চডুবিতে আহত জাকির চিকিৎসা নিয়ে বুধবার মামলা করতে এসেছিলেন। তিনি বলেন, লঞ্চের মালিক পক্ষ মঙ্গলবার মামলা করতে গিয়ে ব্যর্থ হয়। পরে বুধবার তিনি মামলা করতে গিয়েছিলেন। সকালে বন্দর থানায় গেলে তাঁদেরকে থানার বাইরে কয়েক ঘন্টা বসিয়ে রেখে মামলা না নিয়ে নারায়ণগঞ্জ নৌ থানায় চলে যেতে বলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তবে ঘটনার পর থেকেই পুলিশ, লঞ্চ মালিক সমিতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দেওয়া কার্গোটির নাম এমভি এসকেএল-৩, যার রেজিস্ট্রেশন নম্বর এম-০১-২৬৪৩। খোঁজ নিয়ে জানা যায়, জাহাজটির মালিক বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের মালিকানাধীন প্রতিষ্ঠান এসকে লজিস্টিকস।