• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে হেফাজতের জরুরি সভা চলছে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১, ১৩:৫৪ অপরাহ্ণ
হাটহাজারীতে হেফাজতের জরুরি সভা চলছে

দখিনের সময় ডেক্স ॥

হেফাজত ইসলাম বাংলাদেশে আজ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সভা শুরু করেছে। সভায় সভাপতিত্ব করছেন সংগঠনের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী। সভায় ৩৫ জনের মতো কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত রয়েছেন।

হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে। তা ছাড়া মাদ্রাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত ২৬ থেকে ২৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় হেফাজত ইসলামের নেতা-কর্মীদের আসামি করে মামলা হয়। এ ছাড়া ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। তখন মামুনুল দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

মামুনুল ইস্যু নিয়ে হেফাজত ইসলামের নেতাদের বিব্রত হতে হচ্ছে। কেন্দ্রীয় ভাবে সংগঠনের অবস্থান পরিষ্কার করা দরকার বলেও হেফাজত মনে করছে।