• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে আসা ভিজিএফের টাকা আত্মসাত, ইউপি চেয়ারম্যান আটক

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২১, ২২:৪৭ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে আসা ভিজিএফের টাকা আত্মসাত, ইউপি চেয়ারম্যান আটক

দখিনের সময় ডেক্স:

ভিজিএফের প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। বুধবার(১২ মে) বিকেলে ইউপি কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ৬ হাজার ১৭৮ হতদরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা বরাদ্দ আসে। চেয়ারম্যান ইউপি কার্যালয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধেক টাকা বিতরণ করে বাকিদের ঈদের পরে আসতে বলেন। কিন্তু নিয়ম অনুযায়ী ভিজিএফের টাকা ঈদের আগেই হতদরিদ্রদের মাঝে বিতরণ করার নিয়ম। তিনি তা না করে তিন সহস্রাধিক দরিদ্রদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করে ফিরিয়ে দেন।

এ ঘটনার প্রতিবাদে বঞ্চিতরা ইউপি কার্যালয়ের সামনে প্রতিবাদ করতে থাকেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের কাছে ইউপি সদস্য ও বঞ্চিতরা অভিযোগ করেন, চেয়ারম্যান অর্ধেক টাকা বিতরণ করে বাকি টাকা না দিয়ে ঈদের পরে আসতে বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি জানান, সরকারি টাকা বিতরণে অনিয়ম করায় গুনাইগাছ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি টাকা আত্মসাতের অভিযোগে আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।