• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন মে মাসে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১, ২০:১৪ অপরাহ্ণ
ইউপি নির্বাচন মে মাসে

স্টাফ রিপোর্টার ॥

মে মাসের মাঝামাঝিতে সারা দেশে বড় পরিসরে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান সিইসি।

সিইসি কেএম নূরুল হুদা বলেন, এপ্রিলের ৭ তারিখে আরেকটি পৌরসভা নির্বাচন হবে। একইসঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এ জন্য ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে, কয়টি পৌরসভা ও ইউপিতে ভোট করা যায় তা পর্যালোচনা করা হবে। তবে রমজানে নির্বাচন হবে না। মার্চ মাসে কোনো নির্বাচন হবে না। একমাস আমাদের ছুটিতে যেতে হবে। কারণ আমাদের ভোটার লিস্ট তৈরি করা, সেটা চূড়ান্ত করা, তালিকার সিডি করে প্রার্থীদের দিতে হবে; এ সকল কাজে সময়টা চলে যাবে।

সামনের নির্বাচনগুলো সুষ্ঠু ও সংঘাতমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন কেএম নূরুল হুদা। এ বিষয়ে তিনি বলেন, কোথাও কোথাও ভোটে সংঘাত হয়। এগুলো চলে গেলে খুশি হবো, কিন্তু যাচ্ছে না। আজকেও আমরা চট্টগ্রাম, যশোরে কথা বলেছি। ১৪ তারিখ ভালোবাসা দিবসের নির্বাচনকেও ভালোবেসে ফেললাম। আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার দিক দিয়ে যা যা দরকার আমরা সব ঠিকভাবে দেখেছি। প্রসঙ্গত, দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। পাঁচ বছর আগে ২০১৬ সালে ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে ভোট হয় দলীয় প্রতীকে। এবারও দলীয় প্রতীকে ভোট হবে।