• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিতু হত্যা: গ্রেপ্তার দেখানো হলো কারাগারে থাকা দুই আসামিকে

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২১, ১৮:২৪ অপরাহ্ণ
মিতু হত্যা: গ্রেপ্তার দেখানো হলো কারাগারে থাকা দুই আসামিকে

দখিনের সময় ডেক্স:

দখিনের সময় ডেক্স: চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন আনোয়ার হোসেন ও ওয়াসিম। মিতুর বাবার দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান আজ রবিবার(১৬মে) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন।

পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ চাকমা গলমাধ্যমে জানান, এই আসামিরা আগে বাবুল আক্তারের করা মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলেন। আজকে মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলো। এর আগে মিতু হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে গ্রেপ্তার করে র‌্যাব।

মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ার পর গত বুধবার মোশাররফ হোসেন চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে বাবুল আক্তারসহ আটজনকে। বাবুল আক্তার ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, কামরুল ইসলাম শিকদার মুসা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া, খাইরুল ইসলাম কালু, এহতেশামুল হক ওরফে ভোলা ও সাইদুল ইসলাম শিকদার সাকু।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। সে সময় মিতু হত্যায় তার স্বামী একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জঙ্গি হামলার অভিযোগ আনেন এবং তিনি কাউকে আসামি হিসেবে চিহ্নিত করেননি। মূলত তিনি একাধিক জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করায় সহজে এই হত্যাকাণ্ডকে জঙ্গি হামলা বলে চালিয়ে দেন।