• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা চিকিৎসার নামে বেপরোয়া বেসরকারি হাসপাতাল, সর্বশান্ত অনেকে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ণ
করোনা চিকিৎসার নামে বেপরোয়া বেসরকারি হাসপাতাল, সর্বশান্ত অনেকে

বিশেষ প্রতিনিধি:

করোনা চিকিৎসার নামে বেপরোয়া হয়ে উঠেছে বেসরকারি হাসপাতালগুলো। করোনা আক্রান্তদের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়েছে বহু পরিবার। বিশেষ করে বেসরকারি হাসপাতালের আকাশচুম্বী চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই। ভুক্তভোগীদের অভিযোগ, ওষুধ কোম্পানি, অক্সিজেন সরবরাহ প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে নিঃস্ব হয়েছেন তাঁরা।

ভুক্তভোগীদের অভিযোগ সরকারি হাসপাতালের শয্যা সংকটের সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত মুনাফা আদায় করছে। এর ফলে সর্বস্বান্ত হচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি। আর নিম্নবিত্তদের অনেকেই মারা যাচ্ছেন প্রায় বিনা চিকিৎসায়। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার ব্যয় নির্ধারণ করে দেয়ার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি কতরতে হবে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হন রাজধানীর বনশ্রীর রুশদীর পরিবারের সাতজন সদস্য। পরিবারের সদস্যদের বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি আর চিকিৎসা বাণিজ্যের নানা তিক্ত অভিজ্ঞতার পড়তে হয় তাদের। রিশাদ আহমেদ রুশদী জানান, জরুরি অবস্থায় প্রতি ঘন্টায় অক্সিজেন সাপোর্টের জন্য সাড়ে ১০ হাজার টাকা করে দিতে হয়েছে। চিকিৎসা করাতে গিয়ে অনেকটাই নিঃস্ব হয়েছেন বলেও জানান ভুক্তভোগী পরিবারটি।

এমন আরো অনেক পরিবারই প্রিয়জনদের বাঁচাতে হয়েছেন সর্বস্বান্ত। এমনকি পরিবারের আর কেউ নতুন করে আক্রান্ত হলে চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব না অনেকের। অন্যদিকে, গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন রাজধানীর সুত্রাপুরের ব্যবসায়ী রাজীব হোসাইনের বাবা। এ বছর আক্রান্ত হয়েছেন তার মা। এক বছরে অক্সিজেনের মূল্যসহ করোনার সার্বিক চিকিৎসা ব্যয় দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।